সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ, ভাইরাল অস্ট্রেলিয়ান সিনেটর

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম

অস্ট্রেলিয়ার নবনির্বাচিত সিনেটর করিন মুলহল্যান্ড সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন। কয়েক মাস বয়সী শিশুটি মায়ের কোলে থাকার সময় সুর করে কথা বলার চেষ্টা করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। (ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

করিন মুলহল্যান্ড কুইন্সল্যান্ড রাজ্য থেকে লেবার পার্টির নির্বাচিত সিনেটর। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন। এ সময় শিশুটি ছটফট করলে পেছন থেকে একজন সদস্য তাকে শান্ত করতে হাসিমুখে অঙ্গভঙ্গি করেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কুইন্সল্যান্ডের পার্লামেন্টে এ ঘটনা ঘটে।

বক্তব্যে করিন অস্ট্রেলিয়ার সব মা-বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমার সন্তান এখানে কোনো প্রতীক নয়, বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা এবং কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক।

তিনি বলেন, মা-বাবারা শুধু তত্ত্বে নয়, বাস্তবেও এই সংসদে থাকার অধিকার রাখে। শিশু লালন-পালনের সংগ্রাম, দায়িত্ববোধ এবং মাতৃত্বের বিশালত্ব সবই কাজে লাগে। কর্মজীবী মা-বাবাদের সংগ্রামের কথাও বলেন তিনি, অনেকের মতো আমাকেও কাজ ও দায়িত্বের ভারসাম্য রেখে চলতে হয়েছে। আজকের অনেক সংসদ সদস্য আমাদের জন্য পথ তৈরি করেছেন। এখন সময় এসেছে কর্মজীবীদের জন্য নমনীয় ও আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার।

করিন প্রতিশ্রুতি দেন, তিনি কর্মজীবী পরিবারগুলোর জীবন সহজ করতে কাজ করবেন। আমি চাই, পরিবারগুলো যেন কাজের সময় ও স্থান নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে, বলেন তিনি।

ভাষণের শেষে সংসদ সদস্যরা শিশুটিকে কোলে নিয়ে আদর করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত