রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম কাজ করে। টহল টিমগুলোর মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল, ২০টি ফুট পেট্রোল ও ২৭টি হোন্ডা পেট্রোল টিম। এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ১ ডাকাত, ৫ চোর, ১৩ মাদক ব্যবসায়ী, ২ প্রতারক ও ১২ পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে ১১টি মোবাইল ফোন, ১টি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও ১ গ্রাম হেরোইন।
ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে ৫ জনকে আটক করেছে। এদিকে, ডিবি-তেজগাঁও বিভাগ কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) কে গ্রেফতার করেছে।
গুলশানে এক সাবেক এমপির বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জেরায় ৪টি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১,০৬৮টি চুরির মামলা রুজু হয়েছে। বর্তমানে ৭,৮১২টি মামলা তদন্তাধীন। এছাড়া, ট্রাফিক আইন ভঙ্গ করে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
