ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আমির (চরমোনাই পীর) সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামের বাক্সে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছি। ইসলামী দলগুলিও একটি বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে একমত। এ ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু একটি দল ইসলামী আন্দোলনকে নিয়ে আলোচনা-সমালোচনা করে চলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণে। আমাদের ভয় দেখিয়ে লাভ নাই।
আজ বুধবার বিকেলে নড়াইলের পুরাতন বাসটার্মিনাল মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের ব্যাপারে অনেকে মিথ্যা কথা বলছে। আমি তাদের বলব- মিথ্যা কথা বলা কবিরা গুনা। আপনি মিথ্যা কথা বলে কবিরা গুনা করছেন। ৫ আগস্টের পরে সুন্দর একটি দেশ গড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আসুন আমরা দেশ গড়ার জন্য ইসলামী দলগুলির পক্ষে কাজ করি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান।
এ ছাড়া বক্তব্য দেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাও. আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, জেলা জামায়াতের আমর মো. আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মসজিস জেলা শাখার সভাপতি মাও. মহসিনুদ্দীন প্রমুখ।
সভায় ইসলামী নড়াইলের দুটি আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। জনসভা শেষে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নড়াইলের একটি মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন।
