আড়াইহাজারে দোকান মালিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:২২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারামারি-হানাহানি, রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিটের পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার অন্তর্গত মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপি নেতা আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডের নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আপনাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত