দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকে শেষ করতে আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, অনালোচিত বিষয় আজকে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। এছাড়া, শিগগিরই রাজনৈতিক দলগুলোকে চূড়ান্ত খসড়া দেওয়া হবে বলে জানান কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩তম বৈঠকে এসব কথা বলেন তিনি।
সভার শুরুতে ড. রীয়াজ বলেন, এখন পর্যন্ত ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু ক্ষেত্রে দ্বিমত রয়ে গেছে। আজ বাকি সাতটি বিষয়ে আলোচনা শেষ করা হবে।
তিনি আরও যোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিশন এখানে অনুঘটকের ভূমিকা পালন করছে। প্রয়োজনে ভবিষ্যতে আবারও আলোচনায় বসা হবে।
উল্লেখ্য, সুপারিশভিত্তিক আলোচনার আজকেই শেষ দিন। সাতটি বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া বাকি।
আজকের আলোচ্য সাত বিষয়:
১. সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান।
২. উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি ও এখতিয়ার।
৩. রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও ইলেকটোরাল কলেজ।
৪. রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব [অনুচ্ছেদ ৪৮(৩)]।
৫. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
৬. নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ।
৭. রাষ্ট্রের মূলনীতি সম্পর্কিত প্রস্তাব।
