ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:০৩ পিএম

ইরানের ওপর ২০১৮ সালের পর সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির নৌপরিবহন খাতের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

বুধবার (৩০ জুলাই) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এতে অন্তত ৫২টি নৌযানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার অধিকাংশই তেল ও পণ্যবাহী জাহাজ। মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ও রাশিয়া তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১৫টি শিপিং কোম্পানি, ৫২টি জাহাজ, ১২ জন ব্যক্তি ও ৫৩টি প্রতিষ্ঠান-যারা ১৭টি দেশে কাজ করছে।

খবরে জানা গেছে, এসব নৌযান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানির ছেলের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ রয়েছে, ইরানের অপরিশোধিত তেল রফতানির একটি বড় অংশ শামখানি পরিবারের হাতে রয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প আমলের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির’ পর সবচেয়ে বড় পদক্ষেপ। এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসকগোষ্ঠীকে দুর্বল করা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।

সরকারি তথ্য অনুযায়ী, ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত