বাবার কুড়ালের কোপে ছেলের মৃত্যু, চাচার মামলা

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবার কুড়ালের কোপে ছেলের মৃত্যুর ঘটনায় চাচা আব্দুল হালিম (৩২) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার রাতে তিনি মামলাটি করেন। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার বাবা মো. নূরুল আমিনকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে। নিহত শিশু মোবারক হোসেন (১০) গ্রামের মো. নূরুল আমিনের ছেলে। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবাকে আটক ও মোবারকের মরদেহের সুরতহাল সম্পন্ন করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে বসতঘরের পাশে বাঁশঝাড়ের নিচে বৃষ্টিতে ভিজছিল বাবা নূরুল আমিন। বাবাকে বৃষ্টিতে ভিজতে দেখে ছাতা নিয়ে যায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছেলে মোবারক হোসেন। ছাতা মাথায় ধরতেই পাশে থাকা কুড়াল দিয়ে ছেলের মাথায় কোপ দেয় বাবা নূরুল আমিন। বাবার কোপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে মোবারক। ছেলের চিৎকার শুনে বাড়ির লোকজন মোবারককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় ছেলে মোবারক হোসেনের।

নিহত শিশু মোবারকের বাড়ির লোকজন জানান, সোহাগী ইউনিয়নের সোহাগী বাজারের স্বপ্নসিঁড়ি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল মোবারক হোসেন। দুই ভাই-বোনের মধ্যে মোবারক বড়। তার ছোট বোন নোভার বয়স সবেমাত্র ৩ বছর।

মোবারকের দাদা ইউসুফ আলী (৮০) বলেন, আমার ছেলে নূরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিল। দুপুরে আমার নাতি স্কুল থেকে এসে তার বাবাকে বৃষ্টিতে ভিজতে দেখে ছাতা নিয়ে যায়। এ সময় পাশে থাকা কুড়াল দিয়ে আমার নাতির মাথায় কোপ দেয় আমার ছেলে।

কেন কুড়াল দিয়ে কোপ দিয়েছে জানতে চাইলে ইউসুফ আলী বলেন, পাগলের কি কোনও কারণ লাগে বাবাজি? কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন দাদা ইউসুফ আলী। চাঞ্চল্যকর এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে শিশু মোবারক হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহত শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাতেই বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বাবা অসুস্থ থাকায় পুলিশ হেফাজতে তার চিকিৎসা শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত