ইউএনওর সই জালের অভিযোগ, জামায়াতের আমিরকে অব্যাহতি

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১১:৫১ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন তাকে এই নোটিশ প্রদান করে।

হাছেন আলী একই সঙ্গে হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমিরও ছিলেন। নোটিশ পাওয়ার পরই জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা কমিটি তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়।

সূত্রে জানা গেছে, কলেজটি এমপিওভুক্ত হওয়ার পর অধ্যক্ষ পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চারজন ব্যক্তি অধ্যক্ষ পদের দাবিদার হওয়ায় প্রতিষ্ঠানে উত্তেজনা তৈরি হয়। এ কারণে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুবিধা পাচ্ছিলেন না। ২০২৪ সালের ৫ আগস্ট উচ্চশিক্ষা নীতিতে পরিবর্তনের পর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও শামীম মিঞা চলতি বছরের ১৩ মে হাছেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন।

কিন্তু হাছেন আলী নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগের ১৩টি ফাইল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠান। অভিযোগ রয়েছে, এসব ফাইলে ইউএনওর স্ক্যান করা সই জাল করে অনুমোদন নেওয়ার চেষ্টা করা হয়।

ইউএনও শামীম মিঞা বলেন, আমি ওই ফাইলে সই করিনি। আমার অনুমতি ছাড়া সই স্ক্যান করে জাল করা হয়েছে। এটি একটি জালিয়াতি। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ প্রমাণ হলে এটি হবে 'সরকারি নথিতে জালিয়াতির' একটি গুরুতর ফৌজদারি অপরাধ।

হাছেন আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহের বলেন, হাছেন আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর সুনির্দিষ্ট কারণ জানাননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত