ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামি দেশগুলোকে ইসরায়েলি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনায় তিনি এ কথা বলেন।
আরাগচি বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী এই অঞ্চলের নিরাপত্তা নষ্ট করতে চায়। তাই সব আঞ্চলিক দেশকে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তিনি আরও যোগ করেন, জায়নিস্ট সরকার যুদ্ধ ও আইন অমান্যের নীতিতে আসক্ত।
এই আলোচনায় দুই দেশের শীর্ষ কূটনীতিকরা ফিলিস্তিনসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া, তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে একমত প্রকাশ করেন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, আরব আমিরাতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইউসুফ আব্রাহাম শেলিকে প্রত্যাহার করা হয়। আমিরাত কর্তৃপক্ষ জানায়, একটি বারে তার অসম্মানজনক আচরণের কারণে তাকে আর গ্রহণ করা হবে না। এই ঘটনার পরই ইসরায়েলি কূটনীতিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
