ধাওয়া খেয়ে পালিয়ে গেল বালুদস্যুরা, ড্রেজার পুড়িয়ে দিল জনগণ

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম

মাদারীপুরের কুমার নদ থেকে রাতের আঁধারে বালু উত্তোলনের সময় ধাওয়া করে অবৈধভাবে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনগণ। শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদীর রায়েরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পালিয়ে যায় বালুদস্যুরা।

এ ঘটনায় অংশ নেওয়াদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা পরিচয়দাতা ওবায়দুল ফরাজির বিরুদ্ধে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর পুলিশ সুপার নাঈমুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী শিরখাড়া ইউনিয়নে অবৈধ ড্রেজার ব্যবসা শুরু করেন স্থানীয় বিএনপির নেতা পরিচয়দাতা ওবায়দুল ফরাজিসহ কয়েকজন। এরপর থেকেই প্রতি রাতে কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল চক্রটি। একইভাবে শুক্রবার রাতেও অবৈধ ড্রেজার মেশিন নিয়ে রায়েরকান্দী শ্রীনদী এলাকায় বালু উত্তোলনের জন্য আসে বালুদস্যুরা। পরে টের পেয়ে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত স্থানীয় একটি প্রভাবশালী চক্র জনগণকে প্রতিরোধ করতে চাইলে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন উপস্থিত জনগণ। একপর্যায়ে দ্রুত ড্রেসার মেশিন রেখে একটি বাল্কহেট নিয়ে তারা পালিয়ে যান। পরবর্তীতে অবৈধ ড্রেজারটি আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোক জানান, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কেউ প্রতিবাদ করলে উল্টো তাদের দেখে নেওয়ার হুমকি দেন বালুদস্যুরা। যেমনটা শুক্রবার রাতে ড্রেজার আটক ও ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনায় অংশ নেওয়াদের বিরুদ্ধে হাত-পাঁ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বালু দস্যু ওবায়দুল ফরাজি। যে কারণে এলাকার জনসাধারণের মনে শঙ্কা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

তারা আরও বলেন, আমাদের শ্রীনদী রায়েরকান্দী কুমার নদের ভাঙনে আমাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এদিকে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি নদের বালু কেটে বিক্রি করে প্রতিরাতে লাখ লাখ টাকা আয় করছেন স্থানীয় কথিত কয়েকজন বিএনপি নেতা। বিষয়টি নিয়ে প্রশাসনে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ভাবেই প্রতিকার পাচ্ছি না আমরা। এখন নিজেদের সম্পদ নিজেদের রক্ষা করতে মাটে নেমেছি আমরা।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত