ছক ভাঙার মিশনে খুশি কাপুর

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম

শ্রীদেবীর আরেক কন্যা বলিউডের উঠতি নায়িকা খুশি কাপুর এবার নেমেছেন ছক ভাঙার মিশনে। বিশেষ করে নিজের ফিটনেস জার্নিতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। রূপালি পর্দার আড়ালে এই নায়িকা যখন নিজের শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন, তখন চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরাও। 

 ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ২৯০ কেজি ওজন নিয়ে হিপ থ্রাস্ট করছেন খুশি। তা-ও আবার দুবার! প্রশিক্ষকের নজরদারিতে সম্পন্ন হওয়া এই দুর্দান্ত কসরতের পর ক্যাপশনে খুশির মন্তব্য, ‘আমাকে দেখলে মনে হবে না, কিন্তু আমিই খুশি’।

অভিনয়ে খুশির যাত্রা শুরু হয় নিউইয়র্ক ফিল্ম একাডেমির স্টুডেন্ট শর্ট ফিল্ম ‘স্পিক আপ’ দিয়ে, যেখানে তিনি নায়না চরিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিজ’ সিনেমায় বেটি কুপার চরিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন। 

চলতি বছর  জু্নায়েদ খানের বিপরীতে তার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভেয়াপা’ আসে, যেটি তামিল হিট ‘লাভ টুডে’র হিন্দি রিমেক। তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত রোমান্টিক কমেডি ‘নাদানিয়া’-তে অভিনয় করেন খুশি, যেখানে তার বিপরীতে ছিলেন নবাগত ইব্রাহিম আলি খান।

খুশির বোন জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২৯ আগস্ট। এর আগে সিনেমাটি ২৫ জুলাই মুক্তির কথা ছিল।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত