আড়াইহাজারে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর ও ৬টি গরুসহ সর্বস্ব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে লুটপাটের এ ঘটনা ঘটে।
তোফাজ্জল মেম্বার জানান, কালাপাহাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হকসাব ও আমার বাড়িতে শনিবার সকাল ১০টার দিকে এক যোগে হামলা ও লুটপাট চালায় ওই ইউনিয়নের ৫০/৬০ জন লোক। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি সমর্থিত লোকজন হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা নানা প্রকার অস্ত্রের ভয় দেখিয়ে তার বাড়ি থেকে ৪টি গরু ও হকসাব মেম্বারের বাড়ি থেকে ২টি গরু লুটপাট করে নিয়ে যায়। এ সময় তারা ৬টি বাড়িতে ভাঙচুর করে।
উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন জানান, বিএনপির নেতা কর্মীরা হামলা করেনি। ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে গ্রামবাসী এই হামলা চালিয়েছে। আমরা ইতিমধ্যে ২টি গরু উদ্ধার করে ফেরত দিয়েছি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, হকসাব মেম্বারের ছেলে মাহাবুব ঢাকায় থেকে বিএনপির নামে উস্কানিমূলক একটি পোষ্ট দেয়াকে কেন্দ্র করে গ্রামবাসী এ হামলা করেছে। পুলিশ ২টি গরু উদ্ধার করে মালিকের নিকট বুঝিয়ে দিয়েছে।
