দেশীয় চলচ্চিত্রের অন্যরকম আলোচিত তারকা দম্পতি ওমর সানী ও আরিফা জামান মৌসুমীর দাম্পত্যজীবনের ৩১ বছরে স্পর্শ করল গতকাল ২ আগস্ট। কিন্তু দুজন বিশ্বের দুই প্রান্তে থাকার কারণে এবারও অনেকটা সাদামাটাভাবেই কেটে গেল তাদের বিশেষ এই দিনটি। ২০২৩ সাল থেকে মা ও মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। এদিকে একমাত্র ছেলেকে নিয়ে বাংলাদেশে থেকে নিজের ব্যবসার কাজে ব্যস্ত সময় পার করছেন ওমর সানী। পাশাপাশি ওমর সানী কাজ করছেন একটি বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানির উপদেষ্টা হিসেবেও। তবে এই নায়কের সবচেয়ে বেশি ব্যস্ততা এখন ঢাকার অদূরে মানিকগঞ্জের সিঙ্গাইর রোডের অরঙ্গাবাদের বাগানবাড়িতে অবস্থিত ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্ট নিয়ে। বিবাহবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রেস্টুরেন্টটির নতুন আরও একটি শাখা চালু করেন সানী। তবে আমেরিকা থেকে ভার্চুয়ালি এটির উদ্বোধন করেন চিত্রনায়িকা মৌসুমী।
দুজন দুই প্রান্তে থাকলেও তাদের প্রেম-ভালোবাসার বন্ধন যেন ঠিক আগের মতোই অটুট রয়েছে। বিবাহবার্ষিকী উপলক্ষে আমেরিকা থেকে স্বামী ওমর সানীকে উদ্দেশ্য করে মৌসুমী বলেন, আমি বরাবরই বলে আসছি আমার জীবনে সানীর ভূমিকা সীমাহীন। এটা যদি অল্প কথায় বলতে হয়, তাহলে খুব অবিচার করা হয়ে যায়। আমার সুন্দর এ জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা-মায়ের কাছে, তারপরই সানীর কাছে। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোনো তুলনাই হয় না। সংসারজীবনে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপর যে মধুর সময় আসে তা যেন জীবনের অন্যতম অংশ। সবাই দোয়া করবেন আমৃত্যু যেন আমরা দুজন দুজনার হয়ে থাকতে পারি।’
ওমর সানী বলেন, ‘দূরে থাকলেও মৌসুমী সবসময়ই আমার অন্তরে আছে, আছে নিঃশ্বাস ও ভালোবাসায়। মৌসুমীই আমার জীবনের সব। চলার পথে নানা সময় নানা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও মৌসুমী তার জীবনে সব সময়ই সব ব্যাপারে বেশ ভালোভাবে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে, যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। শুধু একজন নায়িকা হিসেবে নয়, স্ত্রী ও মা হিসেবেও আদর্শ সফল মানুষ সে। আল্লাহ তাকে যেখানেই রেখেছেন সুস্থ থাকুক ভালো থাকুক সব সময় এই কামনা করি।’
সিনেমায় অভিনয় করতে এসেই পরিচয় হয় ওমর সানী ও মৌসুমীর। পরিচয় থেকে প্রণয় অতঃপর পরিণয়। ১৯৯৫ সালের ২ আগস্ট ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনেকটা আনন্দঘন পরিবেশে বিয়ে হয় তাদের। তিন দশকের সংসারে তাদের ঘরে এসেছে দুই সন্তান, পুত্র ফারদিন ও কন্যা ফাইজা। মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেনের ‘সোনার চর’। অন্যদিকে ওমর সানীকে সর্বশেষ মো. ইকবালের ‘ডেডবডি’ সিনেমায় দেখা গিয়েছিল।
