দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ২০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশ বা ১৩৭ জনই ছিল চার জেলায়। বাকি ৭২ জন রোগী ভর্তি হয়েছে অবশিষ্ট ১৮ জেলায়।
এ সময় ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। ২৩ বছর বয়সী এই নারী রোগী রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বরগুনা জেলার সদর উপজেলার খাজুরতোলা গ্রামের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শনিবার ডেঙ্গুর এই তথ্য জানায়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮৩ জন রোগী ভর্তি হন বরিশাল বিভাগে, যা দিনের মোট ভর্তি রোগীর ৪০ শতাংশ। এ ছাড়া ঢাকা বিভাগে ৪৮ জন, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন এবং খুলনা বিভাগে দুজন রোগী ভর্তি হয়।
সর্বোচ্চ ৬৬ শতাংশ রোগীই ছিল চার জেলায়। এর মধ্যে বরগুনায় ৪৫ জন বা ২২ শতাংশ, রাজধানীতে ৩৭ জন বা ১৮ শতাংশ, বরিশালে ৩১ জন বা ১৫ শতাংশ ও ২৪ জন বা ১১ শতাংশ রোগী গাজীপুর জেলায় ভর্তি হয়। বাকি ৭২ জন রোগী ভর্তি হন ১৮ জেলায়।
গত ২৪ ঘণ্টায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩২৭ জনে। তাদের মধ্যে এ মাসের গত দুদিনে রোগী ছিল ৩৪৭ জন।
এ বছর এখনো সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে গত জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন ও জুনে ভর্তি হয় ৫ হাজার ৯৫১ জন।
এ বছর মোট রোগীর ১২ হাজার ৫৩৮ জন বা ৫৯ শতাংশ পুরুষ ও ৮ হাজার ৭৮৯ জন বা ৪১ শতাংশ নারী।
এখনো সর্বোচ্চ ডেঙ্গু রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে ৮ হাজার ৭৪ জন ও সর্বনিম্ন সিলেট বিভাগে ৪৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ হাজার ৮৯৭ জন, ঢাকা বিভাগে ২ হাজার ৫৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৭০৭ জন, রাজশাহী বিভাগে ১ হাজার ৫২০ জন, খুলনা বিভাগে ১ হাজার ২০ জন, ময়মনসিংহ বিভাগে ৩১৮ জন ও রংপুর বিভাগে ১০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৪ জন মারা গেছে। তাদের মধ্যে ৪৭ জন বা ৫৬ শতাংশ পুরুষ ও ৩৭ জন বা ৪৪ শতাংশ নারী। এ মাসে গত দুদিনে একজনের মৃত্যু হয়েছে।
এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মারা গেছেন গত জুলাই মাসে ৪১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন ও জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২১ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
