বাহাত্তরের সংবিধান অন্য একটি দেশ থেকে পাস হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি।
আজ রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ৫৪ বছরেও দেশের মানুষ অধিকার পায়নি। আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনারে ছিলাম। এদিনে হাসিনার পতনের ডাক এসেছিল। এক বছর হয়ে গেছে, আজও আমাদের অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।
তিনি বলেন, আমরা শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর। ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে এনসিপির এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩টায়। বিকেল পৌনে ৫টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান তুলে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেলেও সে সময়ে মঞ্চে কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি।
সমাবেশস্থল পরিষ্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা