খুলনায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ 

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম

খুলনায় মরা গরু জবাই করে বিক্রির অভিযোগে ৩ কসাইকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ আগস্ট) ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন এ দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। এসময় জব্দকৃত প্রায় ১২ মণ মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাকুন্দিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মোস্তাক গাজী (৪৫), বাদুড়িয়া গ্রামের মৃত ভেলু সরদারের ছেলে ইয়াকুব সরদার (৫২) ও পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার জাকির মোড়লের ছেলে সাইফুল ইসলাম মোড়ল (২২)।

জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ও মরা গরু জবাই করে খুলনাসহ বরিশাল, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা সদরের বিভিন্ন হোটেলে বিক্রি করে আসছে এ চক্রটি। চুকনগর-যশোর সড়কের পাশে নরনিয়া গ্রামের আবুল কালামের নির্জন একটি জায়গায় সেমি পাকা ঘর তৈরি করে সেখানে কসাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গত শনিবার রাতে তারা ৩টি গরু জবাই করে। ঐ রাতেই বিভিন্ন হোটেলে সরবরাহ করার কথা ছিলো। সদ্য জবাইকৃত গরুর মধ্যে একটি মৃত এবং দুটি অসুস্থ ছিলো- যেটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শনাক্ত করেন। রাতে স্থানীয় জনগণের সহায়তায় মাংস উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। এছাড়া দুটি বড় ডিপ ফ্রিজেও ভরা ছিলো গরুর মাংস।

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, কসাইদের বিরুদ্ধে রোগাক্রান্ত এবং মরা গরু জবাইয়ের অভিযোগ ছিলো। যা প্রমাণিত হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ (২০০৯) আইনে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত