গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম

অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গতকাল রবিবার মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মেজবাহ উদ্দিন বলেন, ফ্লাইট এক্সপার্ট ইস্যুতে মতিঝিল থানায় গত শনিবার রাতে বিপুল সরকার নামে একজন গ্রাহক বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইম, এমডির বাবা এম এ রশিদ শাহ সম্রাট, হেড অব ফিন্যান্স মো. সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জেন্সির হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন।

এর আগে গত শনিবার ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎই বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। ফ্লাইট এক্সপার্টের একাধিক কর্মকর্তার অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ দেশ ছেড়েছেন, এমন গুঞ্জন রয়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত