ওভাল টেস্টের চতুর্থ দিনে একটুখানি ভুলে গোটা ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। হ্যারি ব্রুকের একটি ক্যাচ নিখুঁতভাবে নেওয়ার পরও বাউন্ডারি লাইনে পা পড়ে যায় তার। ফলাফল—ব্রুক জীবন পান, পরে সেঞ্চুরি করেন এবং ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের একদম কিনারায়।
সমালোচনার মুখে পড়া সিরাজ ঠিক পরদিনই দিলেন জবাব, তাও কেবল মুখে নয়, হাতে বল নিয়ে। ম্যাচের শেষ দিনে তার দাপুটে পাঁচ উইকেটের বোলিংয়ে ছয় রানে অবিশ্বাস্য এক জয় তুলে নিল ভারত, সিরিজও শেষ হলো ২-২ সমতায়।
ম্যাচ শেষে আবেগভরা কণ্ঠে সিরাজ বললেন, “সত্যি বলতে দারুণ লাগছে। প্রথম দিন থেকে সবাই লড়াই করেছে, তার ফল আজকে দেখা গেল। খুব খুশি। পরিকল্পনাটা ছিল খুব সাধারণ—একটা জায়গায় বল করে যেতে হবে। বেশি কিছু করার দরকার নেই। সেখান থেকেই যদি উইকেট আসে, সেটা বোনাস। চাপ তৈরি করতে হবে। আজ সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল, আমি পারব। বিশ্বাসটা আমার ভেতরে ছিল। আমি গুগল থেকে ‘I can do it’ (আমি পারবো) লেখা একটা ছবি ডাউনলোড করে ফোনের ওয়ালপেপার করেছিলাম।”
সেই আত্মবিশ্বাসই বাস্তবে রূপ নেয়। ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, হাতে ৪ উইকেট। কিন্তু সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপের নেতৃত্বে ভারতীয় পেসাররা ইংল্যান্ডের টেলএন্ড গুঁড়িয়ে দেন একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে।
সিরাজ শুরুতেই ফিরিয়ে দেন জেমি স্মিথ ও জেমি ওভারটনকে। এরপর প্রসিদ্ধের ইয়র্কারে বোল্ড হন জশ টাং। শেষে সিরাজই এনে দেন শেষ সাফল্য—অ্যাটকিনসনের ব্যাটে হালকা স্পর্শ, ধ্রুব জুরেলের গ্লাভসে বল, আর আনন্দে উল্লাস ভারতের।
তবে সিরাজ ভুলেননি আগের দিনের সেই ক্যাচ ফসকে যাওয়ার ক্ষণ. “যদি আমি ঠিকভাবে (ব্রুকের) ক্যাচটা নিতাম, আজ হয়তো মাঠেই আসতে হতো না। ওটা ছিল ম্যাচ-পরিবর্তনের মুহূর্ত। তবে ব্রুক দুর্দান্ত খেলেছে, ওর সাহসী ব্যাটিংয়ের জন্য শ্রদ্ধা জানাই।”
তবে সব কিছুর মধ্যে সবচেয়ে আবেগঘন ছিল সিরাজের এই স্বীকারোক্তি, “লর্ডস টেস্টের হারটা ছিল হৃদয়বিদারক। আজ যখন ব্যাট করছিলাম, (জাদেজা) আমাকে বলছিল, সোজা ব্যাটে খেলো, মিডল করো। বলছিল, তোমার বাবাকে মনে করো—যিনি এত পরিশ্রম করেছেন তোমাকে এই জায়গায় আনতে।”
রোহিত ও কোহলিহীন তরুণ ভারতীয় দল সিরিজের শুরুতে অনভিজ্ঞ লাগলেও, শেষটা হলো সাহস, ঘুরে দাঁড়ানো আর চরিত্রের জয়গাথা। আর তার কেন্দ্রে মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ায় 'এ' দলকে নেতৃত্ব দেবেন সোহান, সঙ্গী নাঈম অংকন আফিফ হাসান
ওভাল টেস্টে নাটকীয় জয় ভারতের, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র