জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম

জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।

আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান।

মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই আন্দোলন সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনের মধ্যে থাকছে-সকাল ১১টায় ‘টং’ এর গান, ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পী গোষ্ঠী, ১২টা ৫ মিনিটে নাহিদ, সাড়ে ১২টায় তাশফির সংগীত পরিবেশন করবেন। দুপুর ১টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে।

‘পলায়ন ক্ষণ’ উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ।

এরপর আসরের নামাজের বিরতি চলবে। বিরতির পর বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর এবং পারশা। এরপর মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম। তার পারফর্মেন্সের পর স্পেশাল ড্রোন শো অনুষ্ঠিত হবে। এরপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত