জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপির ৫ নেতা

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

সোমবার (৪ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি রাত সাড়ে ৮টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন।

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত