রাস্তায় প্রকাশ্যে তরুণীকে মারধর, ভিডিও ভাইরাল

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম

জামালপুরে পৌর শহরে প্রকাশ্যে রাস্তায় এক তরুণী আরেক তরুণীর হাতে নির্যাতনের শিকার হয়েছে। পাশে দাঁড়িয়ে দেখছেন উৎসুক মানুষ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে শহর জুড়ে চলছে আলোচনা সমালোচনা।

মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যায় তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।

তবে ধারণা করা হচ্ছে, গত রবিবার বিকালে জামালপুর পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামের পাশে স্টেডিয়াম-এলজিইডি রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে নির্যাতনের শিকার ওই তরুণীকে বলতে শোনা যাচ্ছে, আমি টাকা নেইনি।

এ সময় নির্যাতনকারী ওই তরুণী মারধর করেছেন আর বলছেন, ‘চিনস আমারে, ফেসটা দেখছস, দেখ আমারে আমি কেরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।’

এক মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ ঝুলানো এক তরুণীকে হঠাৎ করে আরেক তরুণী এসে মারধর শুরু করেন। চড়-থাপ্পর, লাথি, ঘুসি, মাথার চুল ধরে টানাটানি। এ সময় এক তরুণী বলছেন, ‘ফোন দে, ইমার্জেন্সি ফোন দে।’

মারধরের শিকার ওই তরুণীর আবার মাথার চুল টেনে ধরে ওই তরুণী বলেছেন, ‘চিনস আমারে, ফেসটা দেখছোস, দেখ আমারে আমি কে। এ সময় মারধরের শিকার ওই তরুণী বলছেন, ‘আমি কারো টাকা নেই নাই, যার টাকা সে নিয়ে গেছে গা।’

এর পরেই আবারও ওই তরুণীর মাথার চুল টেনে ধরে মারতে থাকেন। আর বলতে থাকেন, ‘আমার লগে তুই দুই নাম্বারি করছস। তোর এতো সাহস কে দিছে, আবার কথা কস, টাকা বের কর..!’

এ সময় মারধরের শিকার ওই তরুণী কান্না করতে করতে বারবার বলতে থাকেন আমি টাকা নেইনি।

এদিকে ওই দুই তরুণীর একজনেরও পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ জামালপুর সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন বলেন, ভিডিওটা দেখেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত