ইউপি সদস্যকে তুলে নিয়ে গুলি করে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার (৬ আগস্ট) বক্সগঞ্জ বাজারের স্কুল গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই মাথায় কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। একই দাবিতে স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেছেন।

মানববন্ধনকারীরা বলেন, সাবেক মেম্বার আলাউদ্দিনকে সেনাবাহিনী ও ডিবি পুলিশের পরিচয়ে একদল মুখোশধারী অপহরণ করে হত্যা করেছে। অথচ ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও মূল আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। এতে আমরা হতাশ। আমরা বিচারের দাবিতে রাজপথে নামতে বাধ্য হচ্ছি।

উল্লেখ্য, রবিবার সারে ১২টার দিকে আলাউদ্দিন মেম্বার তার চাচাতো ভাই আবুল বাশারের জানাজার নামাজ শেষে আলিয়ারা গ্রামের নিজ বাড়ির সামনে এলে একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশাযোগে আলাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের খবর পেয়ে আলাউদ্দিন মেম্বারের ভাগিনা তারেক ও ডা. আনোয়ার সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আলাউদ্দিন মেম্বারকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ১৩ জুলাই ছালেহ আহম্মদ গোষ্ঠীর একটি গরু আবুল খায়ের গোষ্ঠীর জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এরপর ছালেহ আহম্মদ গোষ্ঠীর লোকজন আবুল খায়ের গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় দুই পক্ষ থানায় চারটি এবং আদালতে একটি, মোট পাঁচটি মামলা করে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে পুলিশ শেখ ফরিদ নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি ছালেহ আহম্মদ গোষ্ঠীর লোক বলে জানা গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে ওঠে।

শেখ ফরিদের গ্রেপ্তারের পর দিন শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তর পাড়ায় জাফর আহম্মদের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে প্রথম ধাপে সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন। আহত হন আরও ১০ জন।

পূর্ব শত্রতার জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে কয়েক বার হামলা পাল্টা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সকল ঘটনায় উভয়পক্ষে থানায় ৬টি আদালতে ৪টিসহ ১০টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত