জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সকালে আলোচিত এ মামলার ৮ আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই ১৬ আসামিদের মধ্যে গ্রেপ্তার ৮ জন এদিন ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির ছিলেন।
তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল।
আশুলিয়ায় লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় করা মামলার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর, লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল, তখন একজনকে জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।’
