ওয়ান ইলেভেনে সংশ্লিষ্টতা

মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৩:২০ এএম

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকা-ে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনকে এবার ১/১১-এর সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত। চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, মেজর মোজাফফর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকা-ের সঙ্গে জড়িত। এর আগে ১/১১-এর অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মাসুদ উদ্দিনের বিরুদ্ধে তদন্তের সময় জানতে পারে, তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে জানা যায় মাসুদ উদ্দিন এবং তার পিএর কথোপকথনের মধ্যে ঝ-ু নামে ফেক ব্যক্তি ছিলেন। ঝ-ু নামটি সামনে আসার পর বিষয়টি উদ্ঘাটন করতে গিয়ে তদন্ত সংস্থা জানতে পারে এই ঝন্ডুই মেজর (অব.) মোজাফফর হোসেন।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, গত ১৬ বছর মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফর হোসেনের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। মোজাফফর আমাদের পাশর্^বর্তী দেশে গেছেন, আবার বাংলাদেশে এসেছেন। মাসুদ উদ্দিনের সঙ্গে  তার সুসম্পর্ক ছিল। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের (আওয়ামী লীগ আমলে) সঙ্গে মাসুদ উদ্দিনের সম্পৃক্ততা ছিল। সেই সময় মাসুদ উদ্দিন ও মোজাফফরের মধ্যে একটা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

আমিনুল ইসলাম আরও বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ, ১/১১-এর সঙ্গে তার (মোজাফফর) সংশ্লিষ্টতা আছে। আরও কোনো ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি না, বিষয়গুলো উদ্ঘাটনের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা চিফ প্রসিকিউটর বরাবর তাকে (মোজাফফর) গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। যেহেতু তিনি (মোজাফফর) সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন, সে কারণে তাকে  হাজির করার জন্য একটি আবেদন দাখিল করা হয়েছে। আগামী ২৩ জুলাই তাকে সকাল ১০টার মধ্যে হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 

৪৫ বছর ধরে পলাতক থাকা মোজাফফর হোসেনকে (৭৭) গত বুধবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত