অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় বায়েজিদ বোস্তামি সড়কের এক পাশ দেবে গেছে। বুধবার (৬ আগস্ট) রাতে ক্ষতিগ্রস্ত সড়কের ওই পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সড়কটির অন্যপাশ দিয়ে যান চলাচল করছে। এক পাশ দিয়ে যান চলাচল অক্সিজেন এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, রাতের কোনো এক সময় বায়েজিদ সড়কের স্টারশিপ ব্রিজ এলাকায় সড়ক দেবে গেছে। এর ফলে ওই সড়ক দিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর থেকে অক্সিজেনগামী যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে পুলিশের একটি টিম দায়িত্বরত রয়েছে।
এদিকে সড়কটি দেবে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, সড়কের একাধিক জায়গায় ফাটল ধরে দেবে গেছে। দেবে যাওয়ার অংশে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে।
বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের শঙ্কার আভাস দেওয়া হয়েছে।
চন্দনাইশে মাদকসহ এলডিপি নেতা ও তার সহযোগী গ্রেপ্তার