ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি আহত ৬

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলের ছয় নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেনÑ ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ, মো. সিজান খাঁ, রিফাত, মাহিম, রবিউল ও মাহিত।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, আহত ছয়জনই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন এবং প্রত্যেকেরই পায়ে গুলি লেগেছে। গুলিগুলো শরীরের অনেক গভীরে থাকায় তা বের করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত