ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের নামে নিজের মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী-বোনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম। একই প্রক্রিয়ায় আরও ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এর আগে জাবেদ পরিবারের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। বিষয়টি গতকাল বিকেলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), বোন রোকসানা জামান চৌধুরী (৫৬) ও আফরোজা জামান চৌধুরীকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় ব্যাংকের কর্মকর্তাসহ আরও ২০ জন আছেন।
