আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে সাত বছর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলা বাতিল করে রায় দিয়েছে উচ্চ আদালত। মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে দেওয়া রুল মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়।
গত বছরের ৪ নভেম্বর মামলার তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে এ মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট। এর ধারাবাহিকতায় রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল এ রায় হলো।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল নোমান। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান দেশ রূপান্তরকে বলেন, ‘শহিদুল আলমের বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আজ (গতকাল) সেই রুল মঞ্জুর করে রায় দিয়েছে আদালত। ফলে তার বিরুদ্ধে এই মামলার কার্যক্রম বাতিল হলো।’
২০১৮ সালের ৩ ও ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনের স্বপক্ষে বক্তব্য দেন শহীদুল আলম। এ ছাড়া একটি বিদেশি টেলিভিশন চ্যানেলে সাক্ষাতকারে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। এসব অভিযোগে একই বছরের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ আগস্ট তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার দেখানো পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই বছরের ১৫ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দিলে তিনি কারামুক্তি পান।
