টঙ্গীতে পড়ে থাকা ট্রাভেল ব্যাগে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম

গাজীপুরে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় শুক্রবার সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কৌতূহলবশত কয়েকজন কয়েকজন ব্যক্তি ব্যাগ খুলে খণ্ডিত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে টুকরা করা লাশটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, গতকাল রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশটিকে কয়েকটি টুকরা করে। পরে ওই ট্রাভেল ব্যাগের মধ্যে ভোরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত