পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জয় হত্যাকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয়কে (১৯) ছুরিকাঘাতে হত্যা ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নিহত জয়ের বড় ভাই মো. আশরাফ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, নিহত জয় ও তার বন্ধুরা এলাকায় মাদক বিরোধী বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। অন্যদিকে অভিযুক্ত আলামিন, পারভেজসহ অন্য আসামিরা মাদকসেবী এবং তারা বিক্রির সাথেও জড়িত। এ নিয়ে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা জয়কে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে। এতে তার ভুড়ি বের হয়ে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইসমাইল হোসেন ঝুনু নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার পর থেকেই অন্য আসামিরা পলাতক।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, গ্রেপ্তার একজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদলকর্মী জয়। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ করে তার প্রতিবেশী, সহপাঠি ও বন্ধুরা। পরদিন বৃহস্পতিবার সকালেও পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত