জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে গতকাল হারারেতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ১৬০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে যুবারা। অবশ্য রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ফাইনাল খেলা আগেই নিশ্চিত থাকায় এ ম্যাচটি ছিল ক্রিকেটারদের দক্ষতা ঝালাই করে নেওয়ার মঞ্চ।
এমন ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। দলীয় ৭ রানেই আউট হয়ে যান জাওয়াদ আবরার। এই ওপেনার ফেরেন মাত্র ৫ রান করে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে সঙ্গে নিয়ে ১১২ রানের জুটি গড়েন আরেক ওপেনার রিফাত বেগ। মূলত এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশের যুবারা। সেঞ্চুরির আশা জাগিয়ে রিফাত আউট হন ৭৭ রান করে। আর অধিনায়ক তামিম ফেরেন ৩৪ রান করে। এরপর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি।
রিজন হাসান আউট হন ৩০ রান করে। ৩৭ রান এসেছে মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৪৪ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন ফয়সাল হাসান। তার সঙ্গে ১৩ বলে ৩৪ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন দেবাশীষ সরকারও। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মার্শাল মাশাভা। এর বাইরে একটি করে উইকেট পান ব্র্যান্ডন সেনজেরে, মাইকেল ব্লিগনট এবং বেনি জুজে।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন শুরুর তিন ব্যাটসম্যান। এর মধ্যে দুই ওপেনারকে ফেরান বাংলাদেশ পেসার শাহরিয়া আল-আমিন। ওই ধাক্কা আর সামলাতে পারেনি জিম্বাবুয়ে। ১২৪ রানেই গুটিয়ে যায়। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন জুজে। মাত্র দুই ওভার হাত ঘুরিয়ে ৯ রানে তিন শিকার ধরেন রিজন। তামিমও ৩টি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান সানজিদ মজুমদার ও রাফি উজজামান।
শান্তির অলিম্পিক, তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরের জালে ৮ গোল মেয়েদের
অক্টোবরে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার