ওসাকাকে হারিয়ে শিরোপা জয়ের পথে দারুণ কীর্তি এমবোকোর

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম

ভিক্টোরিয়া এমবোকো কানাডিয়ান ওপেনে স্বপ্নময় পথচলায় চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকাকে হারিয়ে জিতলেন শিরোপা। মন্ট্রিয়ালে নারী এককের ফাইনালে এমবোকো জেতেন ২-৬, ৬-৪, ৬-১ গেমে। তাতে ১৮ বছয় বয়সী এমবোকো পেলেন ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপার স্বাদ।

ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা করে নিয়েছিলেন এমবোকো। ওসাকাকে হারানোর আগে শেষ চারে সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে, তার আগে শীর্ষ বাছাই কোকো গাফ, সাবেক অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনের মতো খেলোয়াড়কে হারিয়ে দেন এমবোকো।

তাতে টেনিসের ওপেন এরাতে এক টুর্নামেন্টে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এককে চারজন সাবেক চ্যাম্পিয়নকে হারালেন এমবোকো। তার চেয়ে কম বয়সে এমন কীর্তি গড়েন সেরেনা উইলিয়ামস, ১৯৯৯ ইউএস ওপেনে।

র‌্যাঙ্কিংয়ে ৩৩৩ নম্বরে থেকে এই বছর শুরু করা এমবোকো এই শিরোপা জয়ের ফলে উঠে যেতে পারেন ৩৪ নম্বরে।

ট্রফি জয়ের পর এমবোকো বলেন, 'মন্ট্রিয়ালে প্রথমবারের মতো খেলতে পেরেই আমি খুব খুশি ছিলাম। আমি বেশ নার্ভাস বোধ করেছি, তবে যতটা সম্ভব মুহূর্তটি উপভোগ করছি। যখন প্রথম রাউন্ড জিতলাম, তখন খুব খুশি ও তৃপ্ত ছিলাম। টুর্নামেন্ট জেতা তো দূরের কথা, কখনও ভাবিনি আমি ফাইনালে উঠতে পারব। আমার মাথায় এত কিছু ঘুরপাক খাচ্ছে যে, ভাষায় প্রকাশ করতে পারছি না।'

এই বছরে দুটি গ্র্যান্ড স্ল্যামে খেলেছেন এমবোকো। ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে ও উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত