পতেঙ্গায় দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছে সিডিএ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম

পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় আসা পর্যটকদের কথা বিবেচনা করে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরীর দক্ষিণ হালিশহর এলাকায় চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের ফিডার রোড-১ সংলগ্ন এলাকায় নির্মাণ হতে যাওয়া এই মসজিদে একসঙ্গে ২ হাজার ৮৬ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আগামী বছরের মধ্যে মসজিদের নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে। গতকাল শুক্রবার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

৪৩ কাঠা জমির ওপর দৃষ্টিনন্দন এই মসজিদের মিনারের উচ্চতা ৭৮ ফুট। প্রতি তলায় প্রায় এক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকা এই মসজিদ কমপ্লেক্সের নিচতলায় মসজিদের সামনের স্থানে এক হাজার মুসল্লি একসঙ্গে জানাজার নামাজ আদায় করতে পারবে। মসজিদের নিচতলায় পুরুষদের জন্য সুপরিসর টয়লেট ও অজুখানা এবং দ্বিতীয়তলায় মহিলাদের জন্য অজুখানা এবং নামাজের ব্যবস্থা রয়েছে। পতেঙ্গা এলাকায় আসা পর্যটকদের প্রয়োজনকে সামনে রেখে সিডিএ এই মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করছে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আজকের (গতকাল) এই দিনে আমরা সরকার গঠন করি এবং একই দিনে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আরেকটি ভালো কাজের সূচনা হলো।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন কর্ণফুলী টানেল ইন্টারসেকশন এলাকা পরিদর্শন করেন। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তাদের সঙ্গে তিনি প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

মসজিদের নির্মাণকাজ আগামী বছরের মধ্যে শেষ হবে বলে উল্লেখ করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। তিনি বলেন, মসজিদটি নির্মিত হলে সাগর পাড়ের মনোরম পরিবেশে মুসল্লিরা এবাদত করতে পারবে। একই সঙ্গে এটি চট্টগ্রাম শহরের অন্যতম বৃহৎ জামে মসজিদ হিসেবে পরিগণিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব ও সিডিএর বোর্ড সদস্য জাহিদুল ইসলাম কচি, সিডিএর বোর্ড সদস্য মনজারে খোরশেদ, বোর্ড সদস্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, বোর্ড সদস্য নজরুল ইসলাম ও সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও সিডিএর প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত