সেন্টমার্টিনে প্রাণ-প্রকৃতি ফিরছে

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৪৩ এএম

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে সফল উদ্যোগের ফলে দ্বীপের প্রাণ-প্রকৃতি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। তিনি জানান, দ্বীপের জন্য মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও বিকল্প কর্মসংস্থানে কার্যক্রম চলছে। তবে সেন্টমার্টিনের জন্য মহাপরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন তথ্য সঠিক নয় বলে তিনি দেশ রূপান্তরকে জানিয়েছেন।

তিনি বলেন, আমরা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছি ‘মাস্টারপ্ল্যান’ কার্যক্রম চলমান। চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

পলিথিনমুক্ত শপিংমল, বনাঞ্চল উদ্ধার ও সেন্টমার্টিনে প্রকৃতির পুনর্জাগরণ : পরিবেশ মন্ত্রণালয়ের এক বছরের যুগান্তকারী প্রচেষ্টা শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদন ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ চূড়ান্ত করা হয়েছে। দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে সফল উদ্যোগের ফলে দ্বীপের প্রাণ-প্রকৃতি ফিরতে শুরু করেছে। দ্বীপের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও বিকল্প কর্মসংস্থানে কার্যক্রম চলছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ, বন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাস্তবায়িত হয়েছে একাধিক যুগান্তকারী পদক্ষেপ।

দূষণ নিয়ন্ত্রণে দেশের শপিংমলগুলোতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। উৎপাদন কারখানা, কাঁচাবাজারসহ অন্যান্য স্থানে পলিথিন দমন অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। বিকল্প হিসেবে সুলভে পাটের ব্যাগ সরবরাহে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান’ প্রণয়ন, ৮৩০টি অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে। ঢাকার সাভার-আশুলিয়াকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ সিসা কারখানা বন্ধ এবং শব্দদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে তরুণদের সম্পৃক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত