সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি টেম্পু ও ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১জন নিহত ও ১০জন আহত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাঘাবাড়ি নৌবন্দর ঘাটের যমুনা ওয়েল ডিপোর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুঘটনা ঘটে।
নিহত ব্যাটারি চালিত অটোরিকশা চালক বাহাদুর আলী (৪৫) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বাঘাবাড়ি বড়াল সেতু পাড় উত্তরপাড়ের যমুনা ওয়েল ডিপোর সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এমটি সিএনজি টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাহাদুর আলী নিহত হয়। এ সময় আশপাশের লোকজন ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মরা ছুটে এস গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকিদের ভর্তি করে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, যাত্রীবাহী সরকার ট্রাভেলসটি নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে সিএনজি টেম্পু ও ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়। বাসটি জব্দ করে হাটিকুমরুল থানায় আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
