আগামী ১ সেপ্টেম্বর থেকে বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে দেশের শিশু-কিশোররা। প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে ১৮ দিন ধরে এই টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।
এর জন্য নিবন্ধন শুরু হয়ে গেছে। টাইফয়েডের টিকাদানের জন্য ১ আগস্ট থেকে অনলাইন (vaxepi.gov.bd/registration/tcv) নিবন্ধন শুরু হয়েছে। যারা নিবন্ধন করবে, তাদের সনদপত্র দেওয়া হবে। আর যারা নিবন্ধন করবে না, তারা টিকা নেওয়ার পর হাতে লেখা টিকার কাগজ পাবে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচি প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান দেশ রূপান্তরকে এই তথ্য জানান।
করে ১৬ বছরের কম (১৫ বছর ১১ মাস ২৯ দিন) বয়সীদের বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। এই টিকা দেওয়া হবে দুই ধাপে। প্রথম ধাপে ১ সেপ্টেম্বর থেকে ১০ কার্যদিবস স্কুলে স্কুলে টিকা দেওয়া হবে। পরের ৮দিন দেশব্যাপী অধিদপ্তরের ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
এই কর্মকর্তা আরও জানান, এটি এক ডোজের টিকা। টাইফয়েড থেকে সুরক্ষা দেবে ৩-৭ বছর পর্যন্ত। সুরক্ষা গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এই টিকা সরবরাহ করেছে। টিকাগুলো কেনা হয়েছে ভারত থেকে। এরই মধ্যে সব টিকা চলে এসেছে।
এই কর্মকর্তা আরও জানান, টিকাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী তৈরি করা। এটা শতভাগ পরীক্ষিত টিকা। নেপাল, পাকিস্তান ছাড়া আরও কয়েকটি দেশে এ টিকাদান শুরু হয়েছে।
চিকিৎসকরা জানান, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মাধ্যমে একজন মানুষ টাইফয়েড আক্রান্ত হন। এই ব্যাকটেরিয়া দূষিত খাবার বা পানি থেকে ছড়ায়।
চলছে নিবন্ধন : টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে বলে জানান ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, রেজিস্ট্রেশন ১ আগস্ট থেকে শুরু হয়েছে। টিকা নিতে হলে সবাইকে নিবন্ধন করতে হবে। যাদের জন্মসনদ আছে তারা সেটা দিয়ে ও যাদের জন্মসনদ নেই তারা মোবাইল নম্বর দিয়ে করতে পারবে। যারা টিকার সনদ চায়, তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। যারা করবে না, তারা হাতে লেখা কাগজ পাবে।
