রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে(শেকৃবি) সরকার বিরোধী ষড়যন্ত্র, উসকানি ও নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বসবাসরত অন্যদের সতর্ক করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবার শেকৃবি উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রারের স্বাক্ষরকৃত এক নোটিশে এমন তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, সরকারের গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পাসে বসবাসকারী অন্যান্যদের জানানো যাচ্ছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারবিরোধী ষড়যন্ত্র ও উসকানি এবং নাশকতা কার্যক্রম পরিচালনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী জড়িত রয়েছেন।
তারা বিভিন্ন সময়ে এ ক্যাম্পাসে গোপন বৈঠক করেছেন বা করবেন এমন তথ্য সরকারের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট রয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে সরকারবিরোধী ষড়যন্ত্রকারী কিংবা উসকানিদাতা কিংবা নাশকতা কার্যক্রমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারে। এমতাবস্থায় ক্যাম্পাসে বসবাসকারী সকলকে সতর্ক করা যাচ্ছে।
অন্যথায় ক্যাম্পাসে সরকারবিরোধী ষড়যন্ত্রকারী কিংবা উসকানিদাতা কিংবা নাশকতা কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম দায়ী থাকবে না।
শেকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী দেশ রূপান্তরকে বলেন, আমাদের কাছে এরূপ সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য আছে এবং তারা আমাদের সতর্ক করেছে, কাজেই আমরাও সবাইকে সতর্ক করলাম।
উল্লেখ্য কিছুদিন আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলে অবস্থানরত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও ১ জনকে ছেড়ে দেওয়া হয়।
