তারেক রহমান

বিএনপির রাজনৈতিক আদর্শ জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:৫৮ পিএম

বিএনপির রাজনৈতিক আদর্শ জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কল্যাণের জন্য রাজনৈতিক দলগুলোর কাজ করতে হবে।

আজ রবিবার বিএনপির রাজশাহী মহনগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। 

তারেক রহমান বলেন, আমরা দেশের মানুষের কাছে ৩১ দফা উপস্থাপন করেছিলাম। যেগুলো রাষ্ট্র মেরামত দফা হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেই ৩১ দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কারের কথা বলেছিলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যে আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশই বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছে। 

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা যারা বিএনপি করি মনে রাখবেন জনগণ যাতে আমাদের ওপর আস্থা রাখেন। সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখার দায়িত্ব আপনাদের। সেই দায়িত্ব শহীদ জিয়ার প্রতিটি নেতাকর্মীর, খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর।

তিনি আরও বলেন, এই দেশ আমাদের সকলের। এই দেশ ২০ কোটি মানুষের দেশ। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশকে মুক্ত করেছিলেন। পরিবর্তীতে ৯০-এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত