রাজউকের ১৬ বছরের সব কার্যক্রম নিরীক্ষার নির্দেশ

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৩৬ এএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর এবং বরাদ্দসহ সব ধরনের কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গতকাল রবিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কার্যপরিধি এবং গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। জনস্বার্থে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর।

এর আওতায় নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন, আইন ও বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনা, নিরীক্ষা টিমের সদস্যদের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো এবং নিরীক্ষা শুরুর আগে রাজউককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন মাসের মধ্যে এ নিরীক্ষা সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত