জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একাত্তরের চিহ্নিত রাজাকার, গণহত্যায় সরাসরি জড়িতদের আদর্শকে ধারণ করে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে মন্তব্য করেন তিনি। ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে বলেও জানান রাকিব।
সোমবার সিলেটের এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা কখনো অস্বীকার করতে পারবে না ১৯৭১ সালের গণহত্যার কথা। সেই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত এবং এখনও যারা বিশ্বাস করে যে ১৯৭১ সালে কোনো গণহত্যা ঘটেনি- তাদেরকে ধারণ করে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সকল ছাত্র সংগঠন এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত, তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের অনীহা আছে। কিন্তু বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’
দীর্ঘ একুশ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রদলের এই কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছত্রেদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি পদে খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান নির্বাচিত হয়েছেন।
