চট্টগ্রামে অভিযান পরিচালনাকালে নগর পুলিশের এক সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। সোমবার রাত ২টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ের ঈশান মিস্ত্রি হাট এলাকায় ঝটিকা মিছিল শেষে নেতাকর্মীদের আটক করার চেষ্টা করার সময় সাব-ইন্সপেক্টর আবু সাঈদ রানা এই হামলার শিকার হন। আহত পুলিশ সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ওই রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঈশান মিস্ত্রি হাট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালাতে যান এসআই আবু সাঈদ ও অন্যান্য পুলিশ সদস্যরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে কোপ দেওয়া হয়। পরে পুলিশের অভিযান চলাকালীনও তাকে ধারালো অস্ত্র দিয়ে বারবার কোপানো হয়।
নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রাতে ঝটিকা মিছিল বের করায় তাদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছিল। সেখানে এক সাব-ইন্সপেক্টরকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি