ফটিকছড়িতে দুই শিক্ষককে মারধর, আটক ১

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৫২ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনব বড়ুয়াসহ দুই শিক্ষককে মারধরের অভিযোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে প্রধান শিক্ষক ও রাশেদুল আবেদীনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুল আবেদীন প্রধান শিক্ষককে কিল-ঘুষি মেরে আহত করেন। এ সময় অপর এক শিক্ষকও তার হামলার শিকার হন। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে রাশেদুল আবেদীনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফটিকছড়ি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজ্জাক বলেন, “প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “শিক্ষকের ওপর হামলা ফৌজদারি অপরাধ। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর বিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষককে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ থাকলে তা প্রশাসনের মাধ্যমে সমাধান করা উচিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত