একঝাঁক জেলিফিশের অপ্রত্যাশিত উপস্থিতির কারণে সোমবার একটি ফরাসি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রটির পরিচালনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জেলিফিশের এই ঝাঁক বিদ্যুৎকেন্দ্রের কুলিং সিস্টেম বন্ধ করে দিয়েছে। এর ফলে গ্রাভলিনস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে জ্বালানি কোম্পানি ইডিএফ।
এই ঘটনার পর উত্তর ফ্রান্সে অবস্থিত এই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। তবে বাকি দুটি ইউনিট আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল।
ইডিএফ বলেছে, ‘ঘটনায় স্থাপনার নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা বা পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েনি। জেলিফিশগুলো বিদ্যুৎকেন্দ্রের অ-পারমাণবিক অংশে পাওয়া গেছে। কর্মীরা নিরাপদে উৎপাদন চালু করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পদক্ষেপ নিচ্ছেন।’
বিশ্ব পারমাণবিক সমিতির তথ্য অনুযায়ী, ফ্রান্সের প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ আসে পারমাণবিক শক্তি থেকে। আর গ্রাভলিনস কেন্দ্রটি ফ্রান্সের অন্যতম বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র।
ডানকার্ক ও কালে শহরের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের প্রতিটি ছয়টি ইউনিট ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। কেন্দ্রটিকে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত একটি খালের মাধ্যমে ঠান্ডা রাখা হয়। এখানে স্থানীয়ভাবে বিভিন্ন প্রজাতির জেলিফিশ বসবাস করে। জেলিফিশগুলো উষ্ণ মৌসুমে উপকূলের কাছাকাছি চলে আসে।
আগেও বিদ্যুৎকেন্দ্রে জেলিফিশের উপস্থিতিতে একই ধরনের সমস্যা হয়েছে। ২০১১ সালে টর্নেস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ২০১৩ সালে সুইডেনের ওসকারশামন কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটার নজির আছে।
