ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান পাকিস্তানের

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:১১ এএম

আন্তর্জাতিক আদালতের রায়ের পর ভারতে সিন্ধু পানিবণ্টন চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক্সবার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক সালিশি আদালত নির্দেশ দিয়েছে যে সিন্ধু নদের পানিপ্রবাহ ভারতকে বাধামুক্ত রাখতে হবে। বিশেষ করে সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় তিন নদী, যেগুলো পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে সেগুলোতে পানির প্রবাহকে মুক্ত রাখার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আদালত ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের পেহেলগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হয়। পরে পাকিস্তানি কাশ্মীরভিত্তিক জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান প্রত্যাশা করছে যে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাভাবিক করার কার্যক্রম শুরু করবে এবং বিশ্বস্ততার সঙ্গে চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করবে। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের তিন নদ সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানিপ্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক সালিশ আদালতে (পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন-পিসিএ) মামলা করে পাকিস্তান। সেই মামলার রায়ে আদালত সিন্ধু পানিবণ্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত