পাথর লুটপাট বন্ধে এবার জাফলংয়ে অভিযান

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম

ভোলাগঞ্জের সাদা পাথরে লুটপাটের পর এবার জাফলংয়ে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেড পলি রানি দেব কোনো মন্তব্য করেননি।

অভিযান সংশ্লিষ্টরা বলছেন, এসব নৌকার করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। যে কারণে এসব নৌকা জেলা প্রশাসনের টিম ভেঙে ডুবিয়ে দিচ্ছে। অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

যদিও নৌকার মালিকরা বলছেন ভিন্ন কথা। স্থানীয় মোশাররফ নামের এক ব্যক্তি বলেন, যারা পাথর উত্তোলন করে তাদের পুলিশ কিছু বলতে পারে না। তাদের কাছ থেকে উল্টো তারা টাকা-পয়সা নেয়। অথচ আমাদের ঘাটে ভিরিয়ে রাখা নৌকাগুলো তারা ভেঙে দিছে।

এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় অভিযানে নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। রাষ্ট্রীয় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুদকের পাঁচ সদস্যের একটি দল পরিদর্শন করে দোষীদের শনাক্তের কাজ শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস্ সাদাৎ।

এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২০ সাল থেকে সরকারি নির্দেশনায় বন্ধ থাকা সিলেটের সব কটি পাথর কোয়ারিতে গণলুট শুরু হয়। কয়েক হাজার পাথরশ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন শুরু করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পৃষ্ঠপোষকতায় এ লুটপাট চলে বলে অভিযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত