‘বেদনাদায়ক পরিণতি হবে’ পাক নেতাদের উদ্দেশ্যে ভারত

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

ইসলামাবাদ যদি নয়াদিল্লির বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ’ বক্তব্য চালিয়ে যায় তবে যে কোনো ‘দুঃসাহসী পদক্ষেপের’ ‘বেদনাদায়ক পরিণতি’ হবে বলে বৃহস্পতিবার (১৪ আগস্ট) পাকিস্তানকে সতর্ক করেছে ভারত।

ভারতের বিরুদ্ধে পাক সেনাপ্রধান অসিম মুনিরের পারমাণবিক হুমকি এবং বিলাওয়াল ভুট্টো জারদারির কিছু মন্তব্যের কয়েক দিনের মধ্যেই এই প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

পাকিস্তানের নেতৃত্বের মন্তব্য প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানের নেতাদের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে বেপরোয়া, যুদ্ধোন্মাদ ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের ধারা নিয়ে আমরা খবর দেখেছি। পাকিস্তানের নেতাদের এই পুরোনো কৌশল সুপরিচিত। তারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বারবার ভারতবিরোধী বক্তব্য উসকে দেয়। পাকিস্তানের উচিত হবে তার বক্তব্যে সংযত হওয়া। কারণ কোনো দুঃসাহসী পদক্ষেপের বেদনাদায়ক পরিণতি হবে—যেমনটি সম্প্রতি প্রমাণিত হয়েছে।

সিন্ধু নদ জল চুক্তির অধীনে সালিশি আদালতের রায় সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত কখনো তথাকথিত সালিশি আদালতের আইনগত বৈধতা, কর্তৃত্ব বা দক্ষতা মেনে নেয়নি। এর রায় তাই এখতিয়ারবিহীন, আইনি ভিত্তিহীন এবং ভারতের পানি ব্যবহারের অধিকারকে কোনো ভাবেই প্রভাবিত করে না।

তিনি বলেন, পাকিস্তানের বেছে নেওয়া এবং বিভ্রান্তিকর তথাকথিত ‘রায়’ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। ২৭ জুন প্রকাশিত আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। পাকিস্তানের লাগাতার সন্ত্রাসবাদ, যার মধ্যে বর্বর পাহালগাম হামলাও রয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতের সার্বভৌম সিদ্ধান্ত অনুযায়ী সিন্ধু নদ জল চুক্তি স্থগিত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত