ভারত ও পাকিস্তান একে অপরকে তাদের পারমাণবিক স্থাপনার অবস্থান ও জেলবন্দিদের তথ্য জানিয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশের মধ্যে এটি বিশ্বাস পুনঃস্থাপনের একটি প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ বৃহস্পতিবার (১ জানুয়ার) জানিয়েছে, পারমাণবিক অবকাঠামোর তথ্য বিনিময় ও জেলবন্দিদের তালিকা বিনিময়ের বিষয়টি একই সময়ে সম্পন্ন হয়েছে।
এই বিনিময় একটি বিদ্যমান চুক্তির আওতায় হয়েছে, যা ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো কর্তৃক স্বাক্ষরিত। চুক্তির মূল লক্ষ্য হলও স্পর্শকাতর পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দ্বন্দ্বের সময় এসব স্থানে হামলার ঝুঁকি কমানো। এর মাধ্যমে পারমাণবিক অবকাঠামোর অবস্থান সম্পর্কে একে অপরকে সতর্ক করা হয়।
এছাড়া ২০০৮ সালের আরেকটি চুক্তি অনুযায়ী, ভারত জানিয়েছে তাদের কারাগারে কতজন পাকিস্তানি বন্দি রয়েছেন, এবং পাকিস্তানও জানিয়েছে তাদের কারাগারে কতজন ভারতীয় বন্দি আছে।
এ তথ্য বিনিময়ের প্রক্রিয়ার আগে ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তৈরি শোক বইতে স্বাক্ষর করতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বৈঠক করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এটি ছিল দুই দেশের মধ্যে গত বছরের মে মাসের চার দিনব্যাপী সংঘর্ষের পর উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।
