পুতিনের সঙ্গে বৈঠক

ব্যর্থ হওয়ার সম্ভাবনা ২৫%, খারাপ হলে আর কাউকে ফোন করব না: ট্রাম্প

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠক পুরোপুরি সফল হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

তিনি জানান, এই বৈঠক মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিতীয় বৈঠকের মঞ্চ প্রস্তুত করবে। পরবর্তী বৈঠকেই দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফক্স রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমিড শো’য় দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘‘এই বৈঠক একটি ‘চেস গেম’ এর মতো, যার ২৫ শতাংশ সম্ভাবনা আছে সফল না হওয়ার। দ্বিতীয় বৈঠকটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে চুক্তি হবে।”

ট্রাম্প আরও জানান, দ্বিতীয় বৈঠকে সীমানা এবং ভূখণ্ড নিয়ে ‘দ্রুত আগ বাড়ানো ও সংলাপ’ হতে পারে।

তবে যদি বৈঠক সফল না হয়, তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করার কথাও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, “যদি সমাধান না হয়, তবে অবশ্যই অতিরিক্ত নিষেধাজ্ঞা দেওয়া হবে।”

আরেক ফক্স রেডিও অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন পুতিন আলাস্কায় আসা বৈঠকে চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, “আমি মনে করি এখন পুতিন বিশ্বাস করছেন যে তিনি একটি চুক্তি করবেন। আমি খুব দ্রুত বুঝতে পারব।”

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, তিন পক্ষের— যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনটি ভিন্ন স্থানে আলোচনা হতে পারে, যার মধ্যে আলাস্কাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, “যদি বৈঠক খারাপ হয়, আমি আর কাউকে ফোন করব না, আমি বাড়ি চলে যাব। কিন্তু যদি ভালো হয়, তবে আমি জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করব।”

অর্থনৈতিক প্রণোদনা বিষয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি তা প্রকাশ করতে চাই না। তবে অর্থনৈতিক প্রণোদনা এবং হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞাও গুরুত্বপূর্ণ।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত