শরীয়তপুরে প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ৩০ ককটেল উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় ওমান প্রবাসীর ঘর থেকে পাঁচটি বালতিতে থাকা ৩০টি ককটেল (হাতবোমা) উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার প্রবাসী মিলন মাধবরের পরিত্যক্ত ঘর থেকে এ ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াগাছা এলাকার মিলন মাধবরের পরিত্যক্ত ঘরে ককটেল রয়েছে জানতে পারে পুলিশ। পরে একদল পুলিশ গিয়ে ঘর থেকে পাঁচটি বালতি উদ্ধার করে। বালতিতে লাল ও কালো রঙের ৩০টি ককটেল পাওয়া যায়। ককটেলগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে। রাতে বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল নিষ্ক্রিয় করবেন বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক (উকিল) বলেন, মিলন মাধবরের পরিত্যক্ত বাড়িতে পুলিশ এসেছে শুনে দেখতে আসি। এসে দেখি ওই ঘর থেকে বালতি উদ্ধার করছে। পাঁচটি বালতির ভিতর ককটেল দেখতে পেয়েছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।

শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ বলেন, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে যেন কোন রকম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম জেলায় সংগঠিত হতে না পারে, সে বিষয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে পোড়াগাছা এলাকার ওমান প্রবাসী মিলন মাধবরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচ বালতি ককটেল উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, প্রতিটি বালতিতে ৫ থেকে ৬টির বেশি ককটেল থাকতে পারে। মিলন মাদবর ও তার পরিবার ৭ থেকে ৮ মাস যাবত এই বাড়িটিতে থাকেন না। হতে পারে পরিত্যক্ত ঘরটিতে ঢুকে এখানে ককটেলটি তৈরি করা হচ্ছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। এঘটনায় কারা জড়িত উদঘাটন করতে চেষ্টা করছি। বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিমকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে এসে ককটেল নিষ্ক্রিয় করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত