মানুষের হৃদয়ে আ. লীগ ও শেখ মুজিব ছিল না: এ্যানি 

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। তারা ফ্যাসিস্ট স্বৈরাচারী মনোভাব নিয়ে একটি অরাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনা কাউকে ছাড় দেয়নি। কারণ দেশ শাসন দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করেনি। হাসিনা এ বাংলাদেশে এসেছে তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা সাধারণ মানুষের সবসময় মুখে বলাবলি ছিল।

তিনি বলেন, আজকে ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে- সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি, পাচ্ছে না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ের আওয়ামী লীগ ছিল না। মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল স্বাধীনতার পর থেকে।

তিনি আরও বলেন, এক ব্যক্তির শাসন, এক দলীয় শাসন যেনো না হয়, ফ্যাসিবাদী শাসন যেনো না হয়, ১৪, ১৮,২৪ এর মতো যেনো ভোট না,হয়- তাহলে একটি নিরপেক্ষ ভোট দরকার। গণতন্ত্রের ভীত যদি শক্তিশালী করতে হয়, হাসিনার বিচার যদি আরো তরান্বিত করতে হয়, সংস্কার যে চলমান প্রক্রিয়া এ চলমান প্রক্রিয়াকে যদি আরো চলমান রাখতে হয়, তার জন্য নির্বাচিত সরকার কি প্রয়োজন নয়?

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, আপনি কি পারবেন দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক দ্রুত করা, মানি সার্কুলেশন করা, আইনশৃঙ্খলার উন্নতি ঘটানো? ১ বছর পার হয়েছে। বছরের পর বছর অন্তর্বর্তী সরকার থাকতে গেলেও সমস্যা আছে।

এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এনসিপির জাতীয় যুবসম্মেলনে ২/১ জনের বক্তব্য জাতীকে হতাশ করেছে। এ ধরণের বক্তব্য না দিয়ে পজিটিভ বক্তব্য দেওয়া উচিত ছিল। কারণ পজিটিভ চিন্তা না করলে দেশ, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সাহস-মনোবল বাধাগ্রস্ত হবে। কারণ জনগণ উন্মুখ হয়ে আছে ভোটের জন্য, নির্বাচনের জন্য।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত